সারাবিশ্ব
রাশিয়ার তেল শোধনাগারে হামলা বাড়ানোর ঘোষণা জেলেনস্কির
রাশিয়ার নতুন সামরিক কৌশলের জবাবে দেশটির তেল শোধনাগারে হামলা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে বেসামরিক মানুষ ও স্থাপনাকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, শীতের আগে ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলা বাড়ানোর নতুন সামরিক নীতি গ্রহণ করেছে রাশিয়া। এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জারি করা কিছু নথি ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলোর হাতে এসেছে।
জেলেনস্কির দাবি, এসব নথিতে অবকাঠামো, সরবরাহব্যবস্থা, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালসহ বিভিন্ন স্থানে হামলার অনুমোদন রয়েছে। এর মূল উদ্দেশ্য ইউক্রেনের মানুষকে রাজধানী কিয়েভসহ অন্যান্য শহর ছেড়ে যেতে বাধ্য করা।
তবে ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সাম্প্রতিক হামলার জবাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ধারাবাহিক আঘাত হানা হবে। দুই দেশই বেসামরিক মানুষকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।
জেলেনস্কি বলেন, রাশিয়ার সামরিক কৌশল পরিবর্তনের উপযুক্ত জবাব দেবে ইউক্রেন। রুশ হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে পাল্টা রাশিয়ার জ্বালানি খাতে হামলা চালানো হবে।
তিনি জানান, রাশিয়ার যুদ্ধের অর্থের জোগান আসে এমন স্থাপনাগুলোকে লক্ষ্য করা হবে। বিশেষ করে তেল শোধনাগারে হামলা বাড়ানো হবে। তবে বেসামরিক স্থাপনায় নির্বিচার হামলা চালাবে না ইউক্রেন।
গত এক সপ্তাহে কিয়েভে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বেড়েছে। এসব হামলায় জ্বালানি ও টেলিযোগাযোগ অবকাঠামো, সড়ক এবং রেল যোগাযোগব্যবস্থা লক্ষ্যবস্তু হয়েছে। প্রথমবারের মতো কিয়েভের পূর্ব ও পশ্চিম অংশকে যুক্ত করা দিনিপ্রো নদীর ওপর থাকা সেতুগুলোতেও হামলা চালানো হয়েছে।
এদিকে পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে পাল্টা অভিযান চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। জেলেনস্কি জানান, ‘ভিভালদি’ নামের এই অভিযানে এখন পর্যন্ত প্রায় ১৪০ বর্গকিলোমিটার এলাকা পুনর্দখল করা হয়েছে।
রাশিয়া পুরো দনবাস অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়াকে যেকোনো শান্তি চুক্তির অন্যতম শর্ত হিসেবে দেখছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধে আলোচনা পুনরায় শুরুর চেষ্টা করছে।
গত মাসে রাশিয়ার তেল স্থাপনায় হামলা বন্ধ করতে ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। তার দাবি, এসব হামলার কারণে আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম বাড়ছে।
তবে জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া শান্তি আলোচনা কিংবা জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের বিষয়ে আগ্রহী, এমন কোনো ইঙ্গিত তিনি পাননি। ফলে রাশিয়া হামলার কৌশল পরিবর্তন করলে ইউক্রেনও পাল্টা জবাব দেবে।
সূত্র: রয়টার্স