সারাবিশ্ব
হুথি হামলার জেরে মক্কা প্রতিরক্ষা জোটের জরুরি বৈঠক
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোমবার ৫ সেপ্টেম্বর মক্কা প্রতিরক্ষা চুক্তির সদস্য দেশগুলোর জরুরি বৈঠক শুরু হতে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে হুথি বিদ্রোহীদের দফায় দফায় হামলার পর আঞ্চলিক নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা জোরদার করতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৈঠকে অংশ নিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনীর এবং প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইতোমধ্যে রিয়াদে পৌঁছেছেন। সৌদি আরব ও তুরস্কের শীর্ষ মন্ত্রী এবং সামরিক কর্মকর্তারাও বৈঠকে অংশ নেবেন।
রিয়াদে যাওয়ার আগে ইসহাক দার মদিনায় গিয়ে মসজিদে নববীতে পবিত্র রওজা মোবারক জিয়ারত ও নামাজ আদায় করেন।
গত আগস্টে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তির নিয়ম অনুযায়ী, সদস্য দেশগুলোর যেকোনো একটি দেশের ওপর হামলা হলে সেটিকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এর আগে গত মাসেও তিন দেশের সামরিক প্রধানরা রিয়াদে জরুরি বৈঠকে বসেছিলেন।
সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটও পাল্টা হামলা শুরু করেছে। এ পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
পাকিস্তান জানিয়েছে, সৌদি আরবের নিরাপত্তার বিষয়ে তারা রিয়াদের পাশে থাকবে। দেশটির সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী এর আগে সৌদি আরবের প্রতি তাদের শর্তহীন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।
সূত্র, ডন