সারাবিশ্ব

২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পিএম

২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস শুরু হতে এখনো কয়েক মাস বাকি। তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হতে পারে পবিত্র রমজান। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

রমজান মাস ২৯ নাকি ৩০ দিনের হবে, তার ওপর নির্ভর করে আগামী বছরের ৯ অথবা ১০ মার্চ পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। তবে রমজান মাসের শুরু এবং ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।

সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান এ পূর্বাভাস দিয়েছেন।

তিনি জানান, আগামী রমজানের সম্ভাব্য সূচনা হওয়ার আগে ইসলামী চন্দ্র বর্ষপঞ্জির আরও চারটি চন্দ্র মাস অতিক্রম করবে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময় সম্পর্কে ধারণা পাওয়া গেলেও ধর্মীয় রীতি অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভর করেই চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।