সারাবিশ্ব

ভারতে বন্যায় বহু ঘরবাড়ি প্রবল স্রোতে ভেসে গেছে, মৃত অন্তত ৪, নিখোঁজ বহু


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৭:২২ পিএম

ভারতে বন্যায় বহু ঘরবাড়ি প্রবল স্রোতে ভেসে গেছে, মৃত অন্তত ৪, নিখোঁজ বহু
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলার ধরালী গ্রামে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির ফলে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা।

দুপুরে এই দুর্যোগ শুরু হয়। প্রবল স্রোতে ভেসে গেছে গ্রামের বহু ঘরবাড়ি ও অন্তত ২০-২৫টি হোটেল ও হোমস্টে। এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং নিখোঁজ রয়েছেন অন্তত ৫০ জন।

স্থানীয়রা জানায়, হঠাৎ করেই ক্ষীরগঙ্গা নদীর উচ্চ অববাহিকায় ভারি বৃষ্টি শুরু হলে পানি দুই তীর ছাপিয়ে গ্রামে প্রবেশ করে। প্রবল স্রোতে অনেক বাড়ি, দোকান ও পর্যটন কেন্দ্র ভেসে যায়। অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পাহাড় থেকে নামা বিশাল পানির ধারা পুরো গ্রামকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানান, জেলা প্রশাসন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) এবং ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP) যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ITBP-এর ১৬ জন সদস্য ও সেনাবাহিনীর ১৫০ সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। এখন পর্যন্ত প্রায় ১৫–২০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিকে, ভারি বর্ষণের কারণে রাজধানী দেহরাদুনে সব স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। হরিদ্বারে গঙ্গা এবং কালী নদী বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ রাস্তা পানির নিচে চলে যাওয়ায় গঙ্গোত্রী সহ চারধাম যাত্রা সাময়িকভাবে বন্ধ রয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং জানান, আইটিবিপির ৩টি ও এনডিআরএফ-এর ৪টি দল উদ্ধারকাজে অংশ নিচ্ছে।

তীব্র বৃষ্টিপাতের ফলে উদ্ধার তৎপরতায় বাধা সৃষ্টি হচ্ছে। প্রশাসন জনগণকে নিরাপদ স্থানে সরে যেতে এবং আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে।