সারাবিশ্ব

ভারতের নজরদারি ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান, সীমান্তে উত্তেজনা বাড়ল


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১২:৩১ পিএম

ভারতের নজরদারি ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান, সীমান্তে উত্তেজনা বাড়ল
ছবি: সংগৃহীত

পাকিস্তানের লাহোরের মানাওয়ান এলাকায় ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ড্রোনটি তাদের আকাশসীমায় প্রবেশ করার পরপরই গুলিতে ভূপাতিত করা হয়। ড্রোনটিতে কোনো বিস্ফোরক না থাকায় ধারণা করা হচ্ছে এটি কেবল নজরদারি কাজে ব্যবহৃত হচ্ছিল।

গত ১০ মে দুই প্রতিবেশী দেশ ভারতের ও পাকিস্তানের মধ্যে কয়েকদিনব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের অবসান হয়েছে। যদিও সীমান্তে এখন তুলনামূলক শান্তি বিরাজ করছে, ভারতীয় ড্রোন পাকিস্তানের আকাশে ওড়ার খবর নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এ ঘটনাকে ‘ভারতের নজরদারি ড্রোন’ হিসেবে বর্ণনা করলেও ভারত থেকে এখনো এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতে ভারতীয় সেনারা ইসরাইলি অস্ত্র, বিশেষ করে হারফি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা যুদ্ধক্ষেত্রে কার্যকর প্রমাণিত হয়েছে।

যদিও সামরিক সংঘাত স্থগিত রয়েছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক বাকযুদ্ধ অব্যাহত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেওয়ার পর পাকিস্তান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের প্রধান লেফটন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে ভারত যদি আগ্রাসন চালায়, পাকিস্তান ভারতের বাণিজ্যিক শহরগুলোর উপর পাল্টা হামলা চালাবে। তিনি বিশেষ করে কলকাতা, জামশেদপুর ও রাঁচি শহরগুলোকে লক্ষ্য করার বার্তা দিয়েছেন।

এদিকে, যুক্তরাষ্ট্র আবারও ভারত-পাকিস্তান সংঘাত বন্ধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার এক বক্তৃতায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘প্রেসিডেন্ট অব পিস’ হিসেবে উল্লেখ করেন। তবে ভারত ও পাকিস্তান এখনও পর্যন্ত তৃতীয় পক্ষের মধ্যস্থতা গ্রহণে অনিচ্ছুক রয়েছে।