সারাবিশ্ব
সরকার পতনের ডাক, ১৪টি মামলা খেলেন সাবেক বিজেপি নেতা
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিংয়ের বিতর্কিত মন্তব্যের কারণে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে তিনি বলেন, “রক্তপাত ছাড়া কোনো দুর্নীতিগ্রস্ত শাসন শেষ হয় না। নেপালের যুবসমাজ দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে, বাংলার তরুণ-তরুণীদেরও সেই সাহস দেখানো উচিত। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করতে গণ–অভ্যুত্থান প্রয়োজন।”
তিনি আরও দাবি করেন, “মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন ব্রিটিশ শাসনকে বিদায় দেয়নি। কোনো স্বৈরাচারী সরকার পতনের জন্য রক্তপাত অনিবার্য।” এ বক্তব্যের পর তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, তিনি উসকানিমূলক মন্তব্যের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার হুমকি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে ব্যারাকপুরের একাধিক থানায় পৌরসভার কাউন্সিলররা তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এখন পর্যন্ত অন্তত ১৪টি এফআইআর হয়েছে।
এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্কবার্তা দিয়েছেন, “প্রতিবেশী দেশের অশান্তির সুযোগে কেউ কেউ ঘোলা পানিতে মাছ ধরতে চাইছে। বাংলায় অশান্তি বাধানোর চেষ্টা হতে পারে। সবাইকে সজাগ থাকতে হবে।”
অর্জুন সিংয়ের বক্তব্যের সঙ্গে রাজ্য বিজেপি একমত হয়নি। তাদের মতে, প্রতিবেশী দেশের পরিস্থিতি নিয়ে মন্তব্য করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারের বিষয়। তবে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মন্তব্য করেছেন, “বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোর জনবিন্যাস দ্রুত বদলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বরং সেদিকে নজর দিন।”
সব সমালোচনা ও মামলার মধ্যেও অর্জুন সিং তার অবস্থান থেকে সরে আসছেন না। তিনি বলেন, “আমি আবারও বলছি, বাংলায় দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাতের জন্য গণ–অভ্যুত্থান প্রয়োজন। আমার বিরুদ্ধে ১৮৪টি মামলা আছে, আরও ৪০০ হোক, আমি তা স্বাগত জানাই।”
সূত্র: টাইমস অব ইন্ডিয়া