সারাবিশ্ব

মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে চলন্ত বাসে আগুন, নিহত ২০


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১১:২৬ এএম

মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে চলন্ত বাসে আগুন, নিহত ২০
ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আগুনে পুড়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২১ জন যাত্রী।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে তিনটার দিকে রাজ্যের কুর্নুল জেলার চিন্নাটেকুর এলাকায় হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর আগুন ধরে গেলে এই দুর্ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া-এর।

পুলিশ জানিয়েছে, বেসরকারি মালিকানাধীন বাসটি ৪৪ নম্বর জাতীয় মহাসড়ক ধরে দ্রুতগতিতে যাচ্ছিল। হঠাৎ একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের সামনের অংশে আটকে যায়। কিছু দূর যেতেই বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বেশির ভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন।

আগুন লাগার পর বাসের দরজা আটকে যাওয়ায় অনেকেই বের হতে পারেননি। কেউ কেউ জানালা ভেঙে প্রাণ বাঁচান, তবে মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা যাত্রীদের চিৎকার শুনে উদ্ধারকাজে এগিয়ে যান ও খবর দেন দমকল বিভাগকে। কিন্তু ততক্ষণে বাসটি প্রায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। এখন পর্যন্ত ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ১১ জনের পরিচয় শনাক্ত করা গেছে, বাকি ৯ জনের মরদেহ পুড়ে যাওয়ায় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। আহতদের কুর্নুল সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অন্ধ্রপ্রদেশ পুলিশের ডিআইজি কোয়া প্রবীণ বলেন, “বাসের ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। জ্বালানি ট্যাংক অক্ষত থাকলেও গাড়িটিতে অগ্নিনির্বাপণজনিত পর্যাপ্ত সুরক্ষা ছিল না।”

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নায়ডু দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। দুবাই সফররত অবস্থায় তিনি মুখ্যসচিবসহ শীর্ষ কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ তদারকির নির্দেশ দেন। এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি লিখেছেন, “কুর্নুলে বাসে আগুন লেগে মৃত্যুর এই মর্মান্তিক ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”