সারাবিশ্ব

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন অভিমুখে বিক্ষোভ, ব্যাপক লাঠিচার্জ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন অভিমুখে বিক্ষোভ, ব্যাপক লাঠিচার্জ
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের দিকে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের থামাতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) হিন্দুত্ববাদী সংগঠনগুলোর কর্মীরা হাতে লাঠি ও গেরুয়া পতাকা নিয়ে হাইকমিশনের দিকে এগোতে চায়।

স্থানীয় সময় দুপুর ২টার দিকে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে হাই-সিকিউরিটি জোনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। সংঘর্ষের ঘটনা ঘটে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এ ঘটনায় কয়েকজন আহত হন এবং কিছু বিক্ষোভকারীকে আটক করে পুলিশ ভ্যানে তুলে নেয়।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আজকের বিক্ষোভের ডাক দেয় বিশ্ব হিন্দু পরিষদ, এবিভিপি ও হিন্দু জাগরণ মঞ্চ। তাদের দাবি, ময়মনসিংহে এক হিন্দু যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় তারা বাংলাদেশের উপ-হাইকমিশনের কাছে স্মারকলিপি দিতে চেয়েছিল।

পুলিশের এক কর্মকর্তা বলেন, “বিক্ষোভকারীরা বেকবাগান এলাকায় পৌঁছেছে, তবে উপ-হাইকমিশনের গেইটে পৌঁছানোর আগে আমরা তাদের আটক করেছি। এটি অত্যন্ত হাই সিকিউরিটি জোন।”

ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির কিছু নেতা, যারা হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সমর্থনে কথা বলেন।