সারাবিশ্ব
মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ বিজেপির, বলছে হিন্দুদের বিজয়
আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশকে স্বাগত জানিয়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এই সিদ্ধান্তকে তারা ইতিবাচক হিসেবে দেখছে।
শনিবার (৩ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। খবরে বলা হয়, বিসিসিআইয়ের সিদ্ধান্তকে বিজেপির একাধিক নেতা প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।
বিসিসিআইকে ধন্যবাদ জানিয়ে বিজেপি নেতা সংগীত সোম বলেন, এটি দেশের হিন্দু সমাজের অনুভূতির প্রতিফলন। তিনি দাবি করেন, বিষয়টি নিয়ে এর আগেই তারা উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং সাধারণ মানুষের আবেগকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
এ বিষয়ে বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া বলেন, দেশজুড়ে তৈরি হওয়া সাম্প্রতিক পরিস্থিতি ও সংবেদনশীলতা বিবেচনায় নিয়ে কলকাতা নাইট রাইডার্সকে এই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি সংবাদ সংস্থা এএনআইকে জানান, মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর কেকেআর চাইলে আইপিএল বিধি অনুযায়ী বিকল্প কোনো খেলোয়াড় দলে নিতে পারবে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক সহিংসতার অভিযোগ ঘিরে ভারতে রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে প্রতিক্রিয়া তৈরি হয়। এরই ধারাবাহিকতায় কেকেআরের মালিক শাহরুখ খানের বিরুদ্ধে কিছু ধর্মীয় নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রকাশ্যে আপত্তি জানান।
গত মাসে আইপিএলের নিলামে মুস্তাফিজকে ৯ দশমিক ২ কোটি রুপিতে দলে নেওয়ার পর ধর্মীয় নেতা দেবকিনান্দন ঠাকুর বিষয়টি নিয়ে সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেওয়া সংবেদনশীলতার অভাবের পরিচয়।
একই সঙ্গে অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসি কেকেআরের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক ব্যাখ্যা ও অবস্থান স্পষ্ট করার দাবি জানান। তিনি শাহরুখ খানের কাছে বিষয়টি নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার আহ্বানও জানান।
এছাড়া শিব সেনা নেতা সঞ্জয় নিরুপমও মুস্তাফিজকে দলে না রাখার আহ্বান জানিয়ে বলেন, সামগ্রিক পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্টতা থাকা যে কোনো বিষয় রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে উঠতে পারে।
এদিকে, কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রিনাথ এই বিতর্কের প্রেক্ষিতে আইপিএলের নিলাম প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, শুরুতেই কোন প্রক্রিয়ায় একজন বাংলাদেশি খেলোয়াড়কে নিলামে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন।
টাইমস অব ইন্ডিয়া আরও জানায়, বাংলাদেশে সাম্প্রতিক কয়েকটি সহিংস ঘটনার পরই এই বিষয়ে ভারতে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এসব ঘটনায় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় নেতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন।