সারাবিশ্ব
‘বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন সব জানি’: হাদি হত্যাকাণ্ড নিয়ে মমতা
বাংলাদেশের বহুল আলোচিত ওসমান হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী।
মঙ্গলবার (২ জুন) কলকাতার ধর্মতলায় আয়োজিত এক ধর্না কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন, তা আমি জানি।”
বক্তৃতায় পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) ভূমিকার প্রশংসা করে মমতা দাবি করেন, বাংলাদেশ থেকে পালিয়ে আসা এক ‘বড় খুনি’কে এসটিএফ গ্রেফতার করেছিল। এ ঘটনা বাংলাদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। তবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা তার পক্ষে সমীচীন নয় বলেও জানান।
মমতার ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল এবং পরে এসটিএফ তাদের আটক করে।
উল্লেখ্য, চলতি বছরের মার্চে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে গ্রেফতার করে। পরবর্তীতে মামলার আরেক অভিযুক্ত ফিলিপ সাংমাকেও নদিয়ার শান্তিপুর এলাকা থেকে আটক করা হয়।
এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ফয়সাল করিম মাসুদকে এ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছিল।
যদিও বক্তব্যে মমতা ব্যানার্জী সরাসরি ওসমান হাদির নাম উল্লেখ করেননি, তবে তার মন্তব্যকে ওই হত্যাকাণ্ডের প্রসঙ্গ হিসেবেই দেখা হচ্ছে।
বক্তৃতার একপর্যায়ে তিনি আরও দাবি করেন, অভিযুক্তদের গ্রেফতারের পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে বিষয়টি প্রকাশ্যে না আনার অনুরোধ জানিয়েছিলেন।
মমতা বলেন, “কারা জড়িত ছিল, কার কার নাম সামনে এসেছিল—সবই আমি জানি। সরকার পরিবর্তন হলেও সেই তথ্য আমার জানা আছে।”
তবে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির নাম প্রকাশে অনাগ্রহ প্রকাশ করে তিনি বলেন, “আমি সেই নাম বলতে চাই না। বললে বাংলাদেশে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। আমি বাংলাদেশকে ভালোবাসি, তাই দেশের স্বার্থে নাম প্রকাশ করছি না।”