সারাবিশ্ব
ককরোচ জনতা পার্টির ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত ‘জেন-জি’ বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
শনিবার (৬ জুন) দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু’র এক প্রতিবেদনে জানানো হয়, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নয়াদিল্লি ও আশপাশের কৌশলগত এলাকায় এক হাজারেরও বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, সীমান্ত প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে কড়া নজরদারি রাখা হয়েছে।
বিক্ষোভের আয়োজক ‘ককরোচ জনতা পার্টি’ অংশগ্রহণকারীদের জন্য আগেই কিছু নির্দেশনা দেয়। তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানায় এবং কোনো ধরনের সংঘাতে জড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দেয়। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সম্মানজনক আচরণ বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেন, এই আন্দোলনের জন্য তিনি ব্যক্তিগত স্বাধীনতা বিসর্জন দিতেও প্রস্তুত ছিলেন। তিনি দাবি করেন, অনেকেই ভয় পেয়ে আপস করলেও দেশের তরুণ সমাজ তাদের অবস্থান থেকে সরে আসেনি। তার বক্তব্যে উপস্থিত জনতা করতালির মাধ্যমে সমর্থন জানায়।
বিক্ষোভে শত শত মানুষ অংশ নেন, যাদের বেশিরভাগই তরুণ। অনেককে তেলাপোকার মুখোশ পরে এবং হাতে ফুল নিয়ে অংশ নিতে দেখা যায়। কিছু স্কুলশিক্ষার্থীও অভিভাবকদের সঙ্গে কর্মসূচিতে যোগ দেয়।