সারাবিশ্ব
মোদির বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ, নেতৃত্বে রাহুল–প্রিয়াঙ্কা
ভারতে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে নতুন করে বিক্ষোভে সরব হয়েছে বিরোধী শিবির। সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবার সরাসরি মাঠে নেমেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি দলীয় নেতাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেন।
মঙ্গলবার (২১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, সংসদ অভিমুখে পদযাত্রার একদিন পর কেন্দ্রের ওপর চাপ বাড়াতে এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও কংগ্রেস সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী।
এর আগে শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন-পীড়নের ঘটনায় প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন রাহুল গান্ধী। তিনি বলেন, দিল্লিতে ঘটে যাওয়া ঘটনার জন্য নরেন্দ্র মোদিকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। তার ভাষায়, পুলিশের হাতে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়া উচিত ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী দিল্লির আরএমএল হাসপাতালে গিয়ে আহত বিক্ষোভকারীদের খোঁজখবর নেন। একই সঙ্গে সংসদ অধিবেশনের আগে লোকসভার স্পিকার ওম বিরলার সঙ্গে বৈঠক করে শিক্ষার্থীদের ওপর পুলিশের পদক্ষেপ নিয়ে সংসদে আলোচনার দাবি জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের ওপর চালানো সহিংসতা ও পরীক্ষা-সংকট নিয়ে সরকারের জবাবদিহির অভাবের বিষয়টি সংসদে বিস্তারিতভাবে আলোচনা হওয়া প্রয়োজন। ভবিষ্যৎ নিয়ে ন্যায্য প্রশ্ন তোলায় শিক্ষার্থীদের মারধরের অভিযোগ তুলে তিনি বলেন, যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা না হলে সংসদের উদ্দেশ্যই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।
বিরোধী দলের পক্ষ থেকে এ বিষয়টি নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন রাহুল গান্ধী। তিনি বলেন, শিক্ষার্থীদের কণ্ঠস্বর যেন রাস্তায় ও সংসদে সমানভাবে প্রতিফলিত হয়, তা নিশ্চিত করা হবে।
সূত্র: এনডিটিভি