সারাবিশ্ব
অনলাইন স্ট্রিমার ‘আইশো স্পিডকে’ পেছনে ফেলে মোদির নতুন বিশ্বরেকর্ড
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যরাতে প্রকাশিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে বিরোধী ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) তীব্র আন্দোলনের মুখে প্রকাশিত ওই ভিডিওর পর তার অনুসারীর সংখ্যা প্রায় ১০ লাখ বৃদ্ধি পেয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য রিপাবলিক-এর দাবি অনুযায়ী, ভিডিওটি মাত্র ২৪ ঘণ্টায় সর্বাধিক বার দেখার এক নতুন বিশ্বরেকর্ড গড়েছে।
প্রতিবেদন সূত্রে জানা যায়, নরেন্দ্র মোদির বর্তমান সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারী সংখ্যা ১০ কোটি ২০ লাখ। বিশ্বের প্রথম রাজনৈতিক নেতা হিসেবে ১০ কোটির মাইলফলক স্পর্শের রেকর্ডও তার ঝুলিতে।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১১টা ৫২ মিনিটে নিজের সেলফি ক্যামেরায় ধারণ করা একটি ভিডিও বার্তা প্রকাশ করেন মোদি। ভিডিওতে তিনি বলেন, “প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ ঘটনা নয়; এটি লাখ লাখ শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক।” তিনি জানান, গত আড়াই মাসে জড়িতদের গ্রেপ্তারসহ নানা কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বছর যেন নষ্ট না হয়, সেজন্য দ্রুত ২২ লাখ শিক্ষার্থীর পুনঃপরীক্ষা নিয়ে গত ১৯ জুলাই ফলাফল প্রকাশ করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, দ্রুত বিচার নিশ্চিত করতে কঠোর শাস্তির বিধান রেখে একটি নতুন আইনের খসড়া প্রস্তুত করা হয়েছে, যা আসন্ন সংসদ অধিবেশনে পাসের চেষ্টা করা হবে।
দ্য রিপাবলিক-এর দাবি, মোদির ভিডিওটি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে ৩০ কোটি ৩০ লাখের বেশি বার দেখা হয়েছে। এর মাধ্যমে এটি শর্ট ভিডিও ক্যাটাগরিতে নতুন বিশ্বরেকর্ড স্থাপন করে।
এর আগে এই রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অনলাইন স্ট্রিমার ও কনটেন্ট ক্রিয়েটর ড্যারেন জেসন ওয়াটকিন্স জুনিয়র (আইশোস্পিড)-এর দখলে। ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে কে-পপ ব্যান্ড বিটিএস (BTS)-এর সাত সদস্যের সাথে তার সাক্ষাতের ভিডিওটি ২৪ ঘণ্টায় প্রায় ৩০ কোটি বার দেখা হয়েছিল।
তবে মোদির এই ভিডিও ঘিরে তরুণ সমাজের প্রতিক্রিয়া মিশ্র। অনেকের মতে, ভিডিও বার্তার মাধ্যমে তরুণ প্রজন্মের সাথে সরাসরি যোগাযোগের চেষ্টা করা হয়েছে। অন্যদিকে, ভারতীয় তরুণদের একাংশ মোদির এই ভিডিও বার্তাকে নিছক ‘হাস্যরস’ বলে মনে করছেন।
সূত্র: দ্য রিপাবলিক