সারাবিশ্ব

পাকিস্তানের বেলুচিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ ও ধস, নিহত ৩৫ শ্রমিক


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৮:০৭ পিএম

পাকিস্তানের বেলুচিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ ও ধস, নিহত ৩৫ শ্রমিক
ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে দুটি পৃথক কয়লাখনিতে বিস্ফোরণ ও ধসের ঘটনায় অন্তত ৩৫ জন শ্রমিক নিহত হয়েছেন। এখনও অন্তত ৮ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঘটে যাওয়া এই দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বড়টি ঘটে প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে দুর্গম সোরাঞ্জ এলাকায়। সেখানে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন শ্রমিক নিহত হন। খনির মালিক কুরবান জোগেজাই জানিয়েছেন, ভূগর্ভে জমে থাকা মিথেন গ্যাসের কারণে এই বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় খনির ভেতরে মোট ৪২ জন শ্রমিক কাজ করছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি আরও জানান, নিহত ও আহতদের বেশিরভাগই পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের শাংলা জেলার বাসিন্দা।

বিস্ফোরণের পরপরই উদ্ধার অভিযান শুরু করে বেলুচিস্তান প্রাদেশিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ-এর উদ্ধারকারী দল। শুক্রবার (৩১ জুলাই) এক উদ্ধারকর্মী জানান, নিখোঁজ শ্রমিকদের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

এদিকে একই দিনে হারনাই জেলায় আরেকটি কয়লাখনিতে পাথরের স্তূপ ধসে পড়ে আরও একজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

জোড়া দুর্ঘটনার পর প্রদেশটির মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, বেলুচিস্তান ও সিন্ধ প্রদেশের কয়লাখনিগুলোতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণেই প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। এর আগে চলতি জুলাই মাসের শুরুতে সিন্ধ প্রদেশের থাট্টা জেলায় একটি খনি ধসে ৪ শ্রমিক নিহত ও ৫ জন গুরুতর আহত হন।