সারাবিশ্ব

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান আবারও ভারতের অংশ হবে: রামদেব


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:৪৫ এএম

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান আবারও ভারতের অংশ হবে: রামদেব
ছবি: সংগৃহীত

ভারতের বিতর্কিত যোগগুরু রামদেব বলেছেন, একদিন বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান আবারও ভারতের অংশ হবে। এ জন্য ভারতীয়দের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রামদেব দাবি করেন, ভারতে কোনো ধর্মই হুমকির মুখে নেই; বরং হুমকির মুখে রয়েছে ভারতের সম্মান ও মর্যাদা। একই সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে রামদেব বলেন, এসব দেশে হিন্দুরা নির্যাতন ও অবিচারের শিকার হয়েছেন। তার দাবি, এ ধরনের ঘটনা মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় নিষ্ঠুরতার ঘটনাগুলোর মধ্যে পড়ে।

ভারতের ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনা তুলে ধরে তিনি বলেন, ‘একদিন এমন সময়ও আসবে, যখন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের সঙ্গে যুক্ত হবে। শুধু একটু ধৈর্য ধরুন।’

গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা সংবিধান ও নৈতিকতার সীমার মধ্যে থাকা উচিত বলেও মন্তব্য করেন রামদেব।

ধর্মান্তর এবং তা ঠেকাতে ছত্তিশগড়ে করা আইন প্রসঙ্গে তিনি বলেন, হিন্দু, খ্রিষ্টান বা মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগ মূলত রাজনৈতিক বক্তব্যের অংশ। ভবিষ্যতে যেন কোনো ধর্মের মানুষ নির্যাতনের শিকার না হন, তা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

রামদেব আরও বলেন, ‘হিন্দু, ইসলাম বা খ্রিষ্টান কোনো ধর্মই হুমকির মুখে নেই। হুমকির মুখে রয়েছে ভারতের সম্মান ও মর্যাদা।’

ভারতকে বিশ্বের সেরা গণতন্ত্রে পরিণত করার আকাঙ্ক্ষা প্রকাশ করে তিনি বলেন, ভারতীয় নাগরিকরা যেন বিশ্বের সেরা নাগরিক হন। পাশাপাশি ভারতের অর্থনীতি বিশ্বের সেরা হওয়া, রুপির মূল্য ডলার ও পাউন্ডের সমান হওয়া এবং ভারতীয় পাসপোর্ট এত শক্তিশালী হওয়া উচিত, যাতে বিশ্বের কোথাও ভারতীয়দের ভিসার প্রয়োজন না হয় বলেও মন্তব্য করেন তিনি।