সারাবিশ্ব
মুখে না বলেও নীরবে পরিবর্তনের কাজ করছেন প্রধানমন্ত্রী: কাজী জেসিন
মুখে ‘নয়া বন্দোবস্তের’ কথা না বলেও প্রধানমন্ত্রী তারেক রহমান নীরবে পরিবর্তনের কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী জেসিন।
মঙ্গলবার নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।
কাজী জেসিন বলেন, বাংলাদেশ টেলিভিশন নিয়ে প্রধানমন্ত্রীর বড় ধরনের পরিকল্পনা রয়েছে। তিনি বিটিভিকে একটি বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার গণমাধ্যম হিসেবে দেখতে চান।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ টেলিভিশনকে দলীয় ও ফ্যাসিবাদী প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এর আগে বিশ্বাসযোগ্যতার সংকটের কারণে প্রতিষ্ঠানটি দর্শকও হারিয়েছে। এমনকি গণঅভ্যুত্থানের পরও প্রতিষ্ঠানটিতে কাঙ্ক্ষিত পরিবর্তনের সূচনা হয়নি।
কাজী জেসিনের ভাষ্য, বাংলাদেশের ইতিহাসে অতীতের কোনো সরকার বাংলাদেশ টেলিভিশনের সংস্কার ও আধুনিকায়নের বিষয়টি এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করেনি। প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং তা বাস্তবায়নের উদ্যোগও নিয়েছেন।
বিটিভির মহাপরিচালক বলেন, গণঅভ্যুত্থানের পর অনেকেই ‘নয়া বন্দোবস্ত’ নিয়ে নানা কথা বলেছেন। কিন্তু সেই ‘নয়া বন্দোবস্তের’ নামে শেষ পর্যন্ত কী হয়েছে, তা দেশের মানুষ দেখেছেন।
তিনি বলেন, মুখে ‘নয়া বন্দোবস্তের’ কথা না বলেও প্রধানমন্ত্রী তারেক রহমান নীরবে পরিবর্তনের কাজ করে যাচ্ছেন। বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা শুনে তিনি অভিভূত হয়েছেন বলেও জানান।
কাজী জেসিন বলেন, বাংলাদেশ টেলিভিশন শুধু আগের অবস্থানে ফিরে যাবে না, প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানটিকে আরও অনন্য, আধুনিক ও মর্যাদাপূর্ণ অবস্থানে দেখতে চান।
তবে পুরোনো একটি প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়ে তোলা সহজ নয় বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, নতুন কিছু তৈরি করার চেয়ে দীর্ঘদিনের একটি প্রতিষ্ঠানকে নতুন কাঠামো ও ভাবনায় গড়ে তোলা অনেক বেশি কঠিন। তারপরও কাজটি আনন্দের এবং সেই লক্ষ্যেই তারা কাজ শুরু করেছেন।