সারাবিশ্ব
ভারতে কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
চলমান ব্রিকস সম্মেলনের ব্যস্ততার মধ্যেই ভিন্ন এক ভূমিকায় দেখা গেল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে। ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয়োজিত বিশেষ নৈশভোজে জনপ্রিয় হিন্দি গান গেয়ে অতিথিদের চমকে দেন তিনি।
রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সম্মেলনের আনুষ্ঠানিক কর্মসূচির বাইরে আয়োজিত এক সান্ধ্য অনুষ্ঠানে লাইভ পিয়ানোর সঙ্গে গান পরিবেশন করেন আনোয়ার ইব্রাহিম। এ সময় তিনি কিশোর কুমারের জনপ্রিয় গান ‘খোয়াব হো তুম ইয়া কোই হকিকত’ গেয়ে শোনান। ১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘তিন দেবিয়ান’ সিনেমার এই গানের সুর করেছিলেন এস ডি বর্মন। গানটির কথা লিখেছিলেন মজরুহ সুলতানপুরী।
আনোয়ার ইব্রাহিমের গান পরিবেশনের মুহূর্তে নৈশভোজের আনুষ্ঠানিক পরিবেশে ভিন্ন আবহ তৈরি হয়। এর মধ্য দিয়ে রাজনীতি ও কূটনীতির বাইরেও ভারত ও মালয়েশিয়ার সাংস্কৃতিক যোগাযোগের উষ্ণ দিকটি উঠে আসে।
অনুষ্ঠানের পর নিজের সংগীত পরিবেশনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন আনোয়ার ইব্রাহিম। ভিডিওটি প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই তার গান পরিবেশনের প্রশংসা করেন। পাশাপাশি ভারতে তার সফর নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া জানান অনেকে।
একজন মন্তব্যকারী বলেন, আনোয়ার বেশ ভালো গান গেয়েছেন এবং ভারতে তার সময় ভালো কাটছে বলে তিনি আশা করেন। আরেকজন মালয়েশিয়াকে নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে উল্লেখ করে দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।