সারাবিশ্ব

পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যে নারী আইপিএস বদলি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম

পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যে নারী আইপিএস বদলি
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ইসলামী পরিভাষা ব্যবহারের পর তৈরি হওয়া বিতর্কের মধ্যেই পশ্চিমবঙ্গের ২০২১ ব্যাচের আইপিএস কর্মকর্তা বুশরা বানুকে বদলি করা হয়েছে।

খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে তাকে সরিয়ে রাজ্য সশস্ত্র পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের উপকম্যান্ড্যান্ট পদে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে এই বদলিকে জনস্বার্থে নেওয়া সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে একটি হিন্দুত্ববাদী সংগঠনের অভিযোগের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই বদলির আদেশ জারি হওয়ায় রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে।

গত ১৩ সেপ্টেম্বর ইউপিএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অনুপ্রেরণামূলক ভিডিও বার্তা দেন বুশরা বানু। সেখানে তিনি নিজের সাফল্যের যাত্রার পাশাপাশি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আবাসিক প্রশিক্ষণ একাডেমির ভূমিকার কথা তুলে ধরেন। কথার প্রসঙ্গে তিনি ‘আসসালামু আলাইকুম’, ‘ইনশাআল্লাহ’ ও ‘জাযাকাল্লাহ’র মতো আরবি শব্দ ব্যবহার করেন।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর ‘হিন্দু লিগাল ফান্ড’ নামের একটি সংগঠন রাজ্যের স্বরাষ্ট্র সচিবের কাছে লিখিত অভিযোগ দেয়। সংগঠনটির অভিযোগ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে বুশরা বানু নিরপেক্ষতা বজায় রাখেননি। তারা আরও দাবি করে, তিনি ‘বন্দে মাতরম’ বা ‘জয় হিন্দ’-এর মতো জাতীয়তাবাদী সম্বোধন ব্যবহার করেননি।

এর পরদিনই, ১৪ সেপ্টেম্বর, রাজ্য সরকার বুশরা বানুর বদলির নির্দেশিকা জারি করে। বিষয়টি সামনে আসার পর প্রশাসনের ভূমিকা নিয়ে সামাজিক ও রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে।

এদিকে খড়গপুরের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের কর্মকর্তা পার্থ ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই নির্দেশিকায় আরও এক পুলিশ কর্মকর্তা সুভেন্দু মণ্ডলকেও বদলি করা হয়েছে।

রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে ঘটনাটিকে নিয়মিত প্রশাসনিক রদবদল হিসেবে উল্লেখ করলেও অভিযোগ দায়েরের পরপরই বুশরা বানুর বদলির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্ট মহল। বিভিন্ন সংবাদমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রশাসনিক চাপের প্রেক্ষাপটেই দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।