সারাবিশ্ব
অস্ত্রোপচারে নারীর পেট থেকে মিলল ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি
ভারতের অন্ধ্রপ্রদেশে এক নারীর পাকস্থলী থেকে অস্ত্রোপচার করে ২০টি অস্বাভাবিক বস্তু বের করেছেন চিকিৎসকেরা। উদ্ধার হওয়া এসব বস্তুর মধ্যে ছিল ১৪টি কলম, পাঁচটি কাঠের চামচ ও একটি মোমবাতি। কলমগুলোর মধ্যে প্রায় ২৫ সেন্টিমিটার লম্বা একটি কলমও ছিল।
গত ৫ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের পালানাডু জেলার নারসারাওপেটের মাতাশ্রী বেসরকারি হাসপাতালে ওই নারীকে নিয়ে যান তার পরিবারের সদস্যরা। পেটলুরিভারিপালেম গ্রামের বাসিন্দা ওই নারীর বুকে ব্যথা ও তীব্র অস্বস্তি হচ্ছিল।
হাসপাতালে নেওয়ার পর বিভিন্ন পরীক্ষা করেন চিকিৎসকেরা। পরীক্ষায় তার পাকস্থলীর ভেতরে বেশ কিছু অস্বাভাবিক বস্তু থাকার বিষয়টি ধরা পড়ে। পরে চিকিৎসক পি রামচন্দ্র রেড্ডির নেতৃত্বে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
চিকিৎসকেরা জানান, প্রায় এক ঘণ্টা ধরে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অস্ত্রোপচার করে তার পাকস্থলী থেকে একে একে সবগুলো বস্তু বের করা হয়। উদ্ধার হওয়া কলমগুলোর মধ্যে সবচেয়ে লম্বাটির দৈর্ঘ্য ছিল প্রায় ২৫ সেন্টিমিটার।
অস্ত্রোপচারের পর প্রকাশিত একটি ভিডিওতে উদ্ধার হওয়া বেশ কয়েকটি কলমসহ অন্যান্য বস্তু দেখা যায়। একটি কলমের ঢাকনাও পাওয়া যায়নি। চিকিৎসকদের ধারণা, এর ফলে ওই নারীর শরীরের ভেতরে আঘাত লাগার আশঙ্কা তৈরি হয়েছিল।
চিকিৎসক রামচন্দ্র রেড্ডি বলেন, কীভাবে ওই নারী এতগুলো বস্তু গিলে ফেলেছিলেন, তা এখনো স্পষ্ট নয়।
ওই নারীর বাবা জানান, তার মেয়ে প্রায় ১০ বছর ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। দুই মাস আগে তার স্বামী তাকে তালাক দিয়ে চলে যান বলেও জানান তিনি।
চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর ওই নারীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।