সারাবিশ্ব
ভারতে পিকনিকে গিয়ে সমুদ্র সৈকতে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু
ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দীভিয়াগর সৈকতে সমুদ্রে ডুবে আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পিকনিকে গিয়ে সমুদ্রের প্রবল স্রোতে ভেসে প্রাণ হারায় তারা। নিহত সবার বয়স ১৬ বছর বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহতরা মহারাষ্ট্রের পুনে জেলার আলান্দির একটি কোচিং সেন্টারের শিক্ষার্থী। পিকনিকের উদ্দেশ্যে পুনে থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরের দীভিয়াগর সৈকতে গিয়েছিল তারা।
শিক্ষার্থী ও শিক্ষকসহ মোট ৪৮ জনের একটি দল বিকেল সাড়ে ৫টার দিকে সৈকতে পৌঁছায়। সেখানে কিছু সময় অবস্থানের পর আট শিক্ষার্থী সমুদ্রে নামে। পানির গভীরতা ও স্রোতের তীব্রতা বুঝতে না পেরে একপর্যায়ে তারা স্রোতের টানে ভেসে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় ভাউ মারুতি সালুনখে মহাকালী জলক্রীড়া কেন্দ্রের মালিক ভাউ সালুনখে ও তার সহযোগীরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে সমুদ্র থেকে আট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে দিঘি সাগরি বোরলি পঞ্চায়তন থানার সহকারী পুলিশ পরিদর্শক সন্তোষ আওয়াতি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
পরে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে মরদেহগুলো বোরলি পঞ্চায়তন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।
এ ঘটনায় মহারাষ্ট্রের দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী গিরিশ মহাজন তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কোচিং সেন্টারকে জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।
মন্ত্রী আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা সফর ও ভ্রমণের সময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই নতুন নিরাপত্তা নির্দেশিকা জারি করবে রাজ্য সরকার।