সারাবিশ্ব
আটকের কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন নেহা বোরা
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অন্যতম মুখ ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। আটকের কয়েক ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন নেহা বোরা। তিনি জানান, আটকের সময় পুলিশ তার মুঠোফোন জব্দ করেছিল। পরে সেটি ফেরত পেয়েছেন তিনি। একই সঙ্গে ময়দান গড়ি থানায় আটক অন্য নারীদেরও মুক্তি দেওয়া হয়েছে বলে জানান নেহা।
এর আগে শনিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় রাজপথ থেকে নেহা বোরাকে আটক করে দিল্লি পুলিশ।
বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নেহা বোরা ছাড়াও বিরোধী দলের একাধিক নেতা, শিক্ষার্থী ও আন্দোলনকারীকে আটক করা হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় দিনভর ধরপাকড় চালায় পুলিশ।
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন ঘিরে এসব আটকের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।