সারাবিশ্ব

তিন সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধের সমাপ্তি হবে: ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৯:০১ এএম

তিন সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধের সমাপ্তি হবে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলের লাগাতার হামলায় প্রতিদিন সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিক, চিকিৎসকসহ বহু নিরীহ প্রাণ হারাচ্ছেন। দীর্ঘদিনের অবরোধে ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে; দেখা দিয়েছে খাদ্যসংকট ও দুর্ভিক্ষ। এই পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাপী ক্ষোভ ক্রমশ বাড়ছে।

এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে। সোমবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি মনে করি দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যুদ্ধের একটি নিশ্চিত সমাধান আসবে। ক্ষুধা, মৃত্যু ও ধ্বংসযজ্ঞ আর টিকিয়ে রাখা সম্ভব নয়। প্রতিদিন মানুষ প্রাণ হারাচ্ছে। যুদ্ধ থামাতেই হবে।”

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ট্রাম্প একাধিকবার যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কার্যত কোনো বিরতি ঘটেনি। বরং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করা হয়েছে এবং ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির আন্তর্জাতিক প্রচেষ্টাও প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। ফলে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে।

এদিন সকালে গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় অন্তত ২১ জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন সাংবাদিকও ছিলেন। এই ঘটনায় সাংবাদিকরা ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “এতে আমি খুশি নই। এমন দৃশ্য কেউ দেখতে চায় না। তবে আমাদের অবশ্যই এই দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে।”

ট্রাম্প তার বক্তব্যে গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তির প্রচেষ্টার কথাও উল্লেখ করেন। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে তার এই ঘোষণার বাস্তবায়ন নিয়ে রয়েছে প্রবল সংশয়। কারণ চলতি বছরের ফেব্রুয়ারিতেই তিনি গাজা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে দেওয়ার প্রস্তাব করেছিলেন, যা আন্তর্জাতিক আইনে জাতিগত নির্মূল ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত।

গাজায় প্রতিদিনের মৃত্যুমিছিল এবং ভয়াবহ মানবিক পরিস্থিতি এখন বিশ্ববাসীর কাছে এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। তাই ট্রাম্পের এই ঘোষণা কতটা কার্যকর হবে, সেটিই এখন দেখার বিষয়।