সারাবিশ্ব

যুক্তরাষ্ট্রে সামরিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বহু নিহত ও নিখোঁজ 


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ এএম

যুক্তরাষ্ট্রে সামরিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বহু নিহত ও নিখোঁজ 
যুক্তরাষ্ট্রে সামরিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি সামরিক বিস্ফোরক উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একাধিক ব্যক্তি নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে, এবং অন্তত ১৯ জন এখনো নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টার দিকে।

বিবিসির খবরে বলা হয়েছে, বিস্ফোরণটি ঘটে হাম্প্রিজ কাউন্টির একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত ‘অ্যাকিউরেট অ্যানার্জেটিক সিস্টেমস’ নামের একটি কারখানায়, যা সামরিক ব্যবহারের জন্য বিস্ফোরক তৈরি ও পরীক্ষা করে। ন্যাশভিল শহর থেকে প্রায় ৯৭ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থাপনাটি আটটি ভবনজুড়ে বিস্তৃত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রধান বিস্ফোরণের পর আরও একাধিক ছোট বিস্ফোরণ ঘটতে থাকে, যার ফলে উদ্ধারকারীরা তৎক্ষণাৎ ভেতরে প্রবেশ করতে পারেননি। হিকম্যান কাউন্টির জরুরি বিভাগ জানায়, উদ্ধার অভিযান বিলম্বিত হয় নিরাপত্তার কারণে।

কারখানাটির এক কর্মকর্তা বলেন, “আমাদের কয়েকজন কর্মী এখনো নিখোঁজ। আমরা তাদের পরিবারের পাশে আছি।” তবে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।

বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। তদন্ত শুরু হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত জানতে আরও কয়েক দিন সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউটিডব্লিউএফ-এর প্রকাশিত ড্রোন ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে কারখানার একটি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ধ্বংসাবশেষ, পোড়া ধাতব খোলস ও ছাই।

বিস্ফোরণের তীব্রতায় স্থানীয়দের ঘরবাড়ি কেঁপে ওঠে। এক বাসিন্দা, জেন্ট্রি স্টোভার, বলেন, “আমি ঘুম থেকে উঠে মনে করলাম আমার ঘরই বুঝি ধসে পড়েছে। পরে বুঝতে পারি বিস্ফোরণের উৎস কারখানাটিই।”

টেনেসির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহতদের বিষয়ে তথ্য সংগ্রহ চলছে। উদ্ধার ও তদন্ত কাজ অব্যাহত রয়েছে।