সারাবিশ্ব
হরমুজ প্রণালি নিয়ে শিগগিরই চুক্তি হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত মিলেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এখনো চূড়ান্ত চুক্তি না হলেও দুই দেশের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং খুব শিগগিরই একটি সমঝোতায় পৌঁছানো যেতে পারে।
মঙ্গলবার (৪ আগস্ট) ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দ্রুত একটি চুক্তি সম্পন্ন হবে বলে আশা করছেন তারা।
রুবিও জানান, হরমুজ প্রণালি দিয়ে ইতোমধ্যে কিছু বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু করেছে। তবে আরও বেশি জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, প্রণালিটি পুরোপুরি বন্ধ নয় এবং তেল পরিবহনও চালু রয়েছে।
এই প্রসঙ্গে তিনি বাব আল-মান্দেব প্রণালির বিষয়টিও উল্লেখ করেন। ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরব সংশ্লিষ্ট জাহাজে হামলার হুমকি দেওয়ার পর এই গুরুত্বপূর্ণ নৌপথ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
বাব আল-মান্দেব প্রণালি ইয়েমেন ও আফ্রিকার হর্ন অঞ্চলের মাঝামাঝি অবস্থিত, যা এডেন উপসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করে। সুয়েজ খাল হয়ে এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে চলাচলকারী জাহাজগুলোর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট।
এর আগে মঙ্গলবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও জানান, হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং অল্প সময়ের মধ্যেই সমঝোতা হতে পারে।
রুবিও আরও বলেন, হরমুজ প্রণালি নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ হলেও যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে একটি দীর্ঘমেয়াদি সমঝোতা অর্জন করা।
অন্যদিকে, প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় একটি খসড়া পরিকল্পনা তৈরির কাজ চলছে। এ বিষয়ে অগ্রগতি আনতে পাকিস্তান সরকার ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, ইরানসহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে বলে জানা গেছে।