সারাবিশ্ব

বাংলায় কথা বলে ভাইরাল জোহরান মামদানি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১১:২৩ এএম

বাংলায় কথা বলে ভাইরাল জোহরান মামদানি
ছবি: সংগৃহীত

নিউইয়র্কের উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে নাটক দেখার সুযোগ করে দিতে প্রচারণায় নেমে এবার বাংলায় কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছেন নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি। বাংলা, মান্দারিন ও স্প্যানিশ ভাষায় তাঁর কথা বলার দক্ষতায় মুগ্ধ হয়েছেন বিভিন্ন দেশের মানুষ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২ হাজার ১০০টি বিনা মূল্যের নাটকের টিকিট দেওয়া হচ্ছে। লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা সর্বোচ্চ দুটি করে টিকিট পাবেন। এই উদ্যোগের প্রচারণার অংশ হিসেবেই বিভিন্ন ভাষায় ভিডিও প্রকাশ করেন মামদানি।

প্রথমে স্প্যানিশ ভাষায় একটি ভিডিও প্রকাশ করেন তিনি। এরপর মান্দারিন ভাষায় কথা বলে সবাইকে চমকে দেন। তবে সবচেয়ে বেশি সাড়া পড়ে তাঁর বাংলা ভাষায় দেওয়া ভিডিওটি নিয়ে।

ভিডিওর শুরুতেই মামদানি বলেন, ‘কেমন আছো, নিউইয়র্ক সিটির উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা?’ এরপর পুরো বক্তব্য বাংলায় দেওয়ার পর তিনি বলেন, ‘ঠিক আছে, তাহলে দেখা হবে নাটকে।’

মামদানির বাংলা ভাষায় কথা বলার ভিডিও দেখে বাংলাভাষী নিউইয়র্কবাসীসহ বিভিন্ন দেশের মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকে তাঁর বাংলা উচ্চারণের প্রশংসা করেছেন। কেউ কেউ মজার ছলে মন্তব্য করেছেন, মামদানি যেন একের পর এক নতুন ভাষা নিজের আয়ত্তে আনছেন।

মামদানি উগান্ডায় জন্মগ্রহণ করেন। পরে দক্ষিণ আফ্রিকায় কিছু সময় কাটিয়ে সাত বছর বয়সে নিউইয়র্কে চলে যান। রাজনৈতিক জীবনে তিনি এর আগেও আরবি, হিন্দি ও উর্দুসহ বিভিন্ন ভাষায় ভোটারদের সঙ্গে কথা বলেছেন।

বহুভাষিক এই প্রচারণার মাধ্যমে নিউইয়র্কের বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন মামদানি। বিশেষ করে বাংলায় তাঁর সাবলীল বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।