সারাবিশ্ব
যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ চলাকালে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে একটি এফ সিক্সটিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার ঠিক আগমুহূর্তে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় প্রাণে বেঁচে গেছেন পাইলট।
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ডেট্রয়েট শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে প্রশিক্ষণ ফ্লাইটে ছিল যুদ্ধবিমানটি। উড্ডয়নের একপর্যায়ে অজ্ঞাত কারণে মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি মাটিতে আছড়ে পড়ে।
দুর্ঘটনার আগে পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। এতে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। একই সঙ্গে যুদ্ধবিমানটি জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে বিধ্বস্ত হওয়ায় সাধারণ মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাখির ঝাঁকের সঙ্গে সংঘর্ষের কারণে যুদ্ধবিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিধ্বস্ত এফ সিক্সটিন যুদ্ধবিমানটি টেক্সাসের জয়েন্ট বেজ সান আন্তোনিওতে মোতায়েন ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।