সারাবিশ্ব
দুই কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের দুই কোটির বেশি প্রবীণ নাগরিককে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডিকেয়ারে অন্তর্ভুক্ত প্রবীণদের চিকিৎসা বিমার মাসিক প্রিমিয়ামের খরচ কিছুটা কমাতে এই অর্থ দেওয়া হবে।
শুক্রবার (২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, মেডিকেয়ার উন্নয়ন তহবিল থেকে এই অর্থ বিতরণ করা হবে। কংগ্রেস মেডিকেয়ারের সেবাভিত্তিক চিকিৎসা কর্মসূচির উন্নয়নে ওই তহবিলে দুই বিলিয়ন ডলার বরাদ্দ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
হোয়াইট হাউস জানিয়েছে, এই কর্মসূচির আওতায় যোগ্য অধিকাংশ প্রবীণ অক্টোবরের শুরুতেই সরাসরি তাদের ব্যাংক হিসাবে ৯০ ডলার পাবেন। যাদের ব্যাংক হিসাবের তথ্য নেই, তাদের নিবন্ধিত ঠিকানায় চেক পাঠানো হবে। এসব চেকও অক্টোবরের শুরুতে পৌঁছানোর কথা রয়েছে।
আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের এই ঘোষণা এলো। ওই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়াই করছে রিপাবলিকান পার্টি। বর্তমানে সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষেই দলটির সংখ্যাগরিষ্ঠতা থাকলেও ব্যবধান বেশ সীমিত।
যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণে সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ বেড়েছে। এমন পরিস্থিতিতে ভোটারদের জন্য সাম্প্রতিক সময়ে একাধিক আর্থিক সুবিধার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।
গত মাসে তিনি বলেছিলেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে সব প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে পাঁচ হাজার ডলারের চেক দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। তবে এই প্রস্তাব নিয়ে অর্থনীতিবিদ, বিশ্লেষক এবং রিপাবলিকান দলের কয়েকজন আইনপ্রণেতাও সংশয় প্রকাশ করেছেন।
এদিকে ট্রাম্প প্রশাসন প্রায় ১০ লাখ নাগরিককে ৫০০ ডলার করে দেওয়ার আরেকটি উদ্যোগ নিয়েছে। সাশ্রয়ী স্বাস্থ্যসেবা আইনের আওতায় স্বাস্থ্যবিমা কেনা ব্যক্তিদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ফি ফেরত দেওয়ার অংশ হিসেবে এই অর্থ দেওয়া হচ্ছে।