আইন আদালত

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মাস্টারমাইন্ড জয়: চিফ প্রসিকিউটর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মাস্টারমাইন্ড জয়: চিফ প্রসিকিউটর
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ইন্টারনেট বন্ধ করে সংঘটিত হত্যাযজ্ঞে সজীব ওয়াজেদ জয়ই ছিলেন ‘মাস্টারমাইন্ড’।

তিনি বলেন, জয়ের বাংলাদেশি নাগরিকত্ব থাকুক বা না থাকুক, তিনি রাষ্ট্রের বেতনভুক্ত উপদেষ্টা ছিলেন এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন; সেই হিসেবে তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই হবে।

বুধবার ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞে সহায়তা এবং মরদেহ ও আলামত গুমের মামলার শুনানি শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। চিফ প্রসিকিউটর দাবি করেন, জয়ের বিরুদ্ধে তাদের হাতে ‘অকাট্য প্রমাণ’ রয়েছে।

তিনি জানান, জুলাই হত্যাযজ্ঞের মামলায় এদিন আদালতে হাজির করা হয় আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে। তাদের পক্ষ থেকে যুক্তরাজ্য থেকে দুইজন আইনজীবী আনার আবেদন করা হয়। মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ ডিসেম্বর।

এছাড়া ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞে সহায়তা এবং আলামত গুমের আরেক মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে সেদিন আদালতে হাজির করা হয়। তবে উপস্থিত না থাকায় সজীব ওয়াজেদ জয়কে আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

অপরদিকে, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আরও দুইজন নতুন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে মামলাটিতে মোট ২৪ জন সাক্ষী সাক্ষ্য দিলেন।