আইন আদালত
কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থীর রুল ২ সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণখেলাপির তালিকা থেকে স্থগিত সংক্রান্ত রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। বুধবার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।
একই সঙ্গে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে দেওয়া চেম্বার আদালতের আগের আদেশ বহাল রাখা হয়েছে। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার এবং মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাইফুল্লাহ মামুন।
শুনানিতে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার জানান, মঞ্জুরুল আহসান মুন্সী তার ঋণ পুনঃতফসিল করেছেন। ফলে তাকে আর ঋণখেলাপি হিসেবে গণ্য করা যায় না।
অন্যদিকে মঞ্জুরুল আহসান মুন্সীর আইনজীবী অ্যাডভোকেট সাইফুল্লাহ মামুন বলেন, ঋণ পরিশোধ সংক্রান্ত তথ্য আদালতে উপস্থাপন করা হয়েছে। চেম্বার বিচারপতি স্টে ভ্যাকেটের আবেদন আপিল বেঞ্চে পাঠাননি এবং বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, “আমাদের মনোনয়ন এখনো চ্যালেঞ্জ করা হয়নি এবং নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনগত বাধা নেই। তবে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ আপিল করেছেন, আমরাও আপিল করেছি। বিষয়টি পরবর্তী শুনানিতে নির্ধারিত হবে।”
এর আগে, গত ৮ জানুয়ারি ঋণখেলাপির তালিকা থেকে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দেওয়ার হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। পরে ওই আদেশ প্রত্যাহারের আবেদন করেন তিনি।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী। এর আগে বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণখেলাপির তালিকা থেকে স্থগিতের আদেশ দিয়েছিলেন। ওই আদেশের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করে।