আইন আদালত

হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০১:০৭ পিএম

হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. লিটন আহমেদ।

এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের কিছু সময় আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, তিনি পুলিশের সঙ্গে যাচ্ছেন এবং আদালতে দেখা হবে বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি দোয়া কামনা করেন।

সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মিরপুর থানার হত্যাচেষ্টা মামলায় তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন।

পরে হাইকোর্ট তাকে জামিন দেন এবং বিষয়টি নিয়ে রুল জারি করেন। রাষ্ট্রপক্ষ ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করলে শুনানি শেষে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখা হয়।

মামলার নথি অনুযায়ী, ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় যুবদল নেতা ও ‘বাঙালিয়ানা ভোজ’-এর বাবুর্চি হৃদয় মিয়া আহত হন। অভিযোগ অনুযায়ী, ওই সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে তার ডান পায়ে গুলি লাগে।

গ্রেপ্তারের পর এ মামলায় ব্যারিস্টার সুমন পাঁচ দিনের রিমান্ডেও ছিলেন।