জাতীয়

‘দেশ ইতিহাসে সবচেয়ে বড় ‘রাজনৈতিক মব’ হয়েছিল ২০১৩ সালে’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৭:২৫ পিএম

‘দেশ ইতিহাসে সবচেয়ে বড় ‘রাজনৈতিক মব’ হয়েছিল ২০১৩ সালে’
প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার। ছবি: সংগৃহীত

২০১৩ সালে শাহবাগে সংঘটিত আন্দোলনকে বাংলাদেশের ইতিহাসে ‘সবচেয়ে বড় রাজনৈতিক মব’ হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

আজাদ মজুমদার বলেন, “২০১৩ সালে শাহবাগে এমন এক বিশাল জনগোষ্ঠীর সমাবেশ হয়েছিল, যা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত ছিল। এই সমাবেশ সরকারের ওপর আইন পরিবর্তনের চাপ সৃষ্টি করেছিল, এমনকি বিচার বিভাগের রায় পরিবর্তনেও প্রভাব ফেলেছিল।”

তিনি আরও বলেন, "মব শব্দটি নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই বাংলাদেশে এটি ব্যবহার হয়ে আসছে। ২০২৩ সালে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক প্রতিবেদনে বলা হয়, মব ভায়োলেন্সে ৫১ জন নিহত হয়। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়েও একই ধরনের ঘটনায় ৩২ জন প্রাণ হারিয়েছেন।”

মব ভায়োলেন্সের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “অতীতে যেই ঘটাক না কেন, আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই। এই ধরণের সহিংসতা কখনই গ্রহণযোগ্য নয়। সরকারের অংশ হিসেবে আমরা সবসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় রাখার চেষ্টা করছি।”

এছাড়া, অপরাধ দমনে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি জানান, শনিবার (৬ জুলাই) সারাদেশে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১ হাজার ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। “অনেকে ভাবেন পুলিশ নিষ্ক্রিয়, কিন্তু বাস্তবে পুলিশ সক্রিয়ভাবেই কাজ করছে এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালাচ্ছে,” বলেন তিনি।