জাতীয়

গণহত্যার জন্য হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে: প্রেস সচিব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৪:০৬ পিএম

গণহত্যার জন্য হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে: প্রেস সচিব
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই মাসে সংঘটিত গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। তিনি বলেন, এই ঘটনায় শুধু শেখ হাসিনাই নয়, তাঁর নেতৃত্বে গঠিত ঘনিষ্ঠ ‘হত্যাকারী বাহিনী’রও কোনো রেহাই নেই।

বুধবার (৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন প্রেস সচিব। তিনি বলেন, “এই বছরের জুলাই মাসের গণবিপ্লব নিয়ে বিবিসির সম্প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে শিশুসহ শতাধিক প্রতিবাদকারীকে হত্যার নির্দেশ দেওয়ার যে ভয়াবহ অভিযোগ উত্থাপিত হয়েছে, তা আন্তর্জাতিক পরিমণ্ডলে তাঁকে বিচারের আওতায় আনার দাবি আরও জোরালো করবে।”

শফিকুল আলম তাঁর স্ট্যাটাসে আরও লেখেন, “১৫ বছরেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে শেখ হাসিনা যেভাবে হত্যাকারীদের সমাবেশ ঘটিয়ে জনগণের বিরুদ্ধে তাঁদের ব্যবহার করেছেন, তা ইতিহাসে একটি রক্তাক্ত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই অপরাধের দায় তিনি কোনোভাবেই এড়াতে পারেন না।”

উল্লেখ্য, সম্প্রতি বিবিসি একটি অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোনালাপ ফাঁস হয়েছে, যেখানে তিনি জুলাইয়ের আন্দোলনকারীদের বিরুদ্ধে নির্বিচারে গুলি চালানোর নির্দেশের সত্যতা নিশ্চিত করে বিবিসি। প্রতিবেদনটি প্রকাশের পর দেশ-বিদেশে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় ওঠে।