জাতীয়

উত্তরা বিমান দুর্ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক, সারাদেশে বিশেষ প্রার্থনার আয়োজন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৯:২৯ এএম

উত্তরা বিমান দুর্ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক, সারাদেশে বিশেষ প্রার্থনার আয়োজন
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনায় জাতি আজ শোকাহত।

এই মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের স্মরণে আজ মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সরকারি বার্তায় রাষ্ট্রীয় শোক পালনের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের সুস্থতা কামনায় আজ সারাদেশে শোক পালন করা হবে।

শোক দিবস উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একইভাবে দেশের সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও মিশনেও পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সারাদেশের ধর্মীয় উপাসনালয়গুলোতে (মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায়) নিহতদের আত্মার মাগফিরাত, শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক, পথচারী ও এলাকাবাসীসহ এখন পর্যন্ত অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন শতাধিক মানুষ।

ঘটনার পর পুরো জাতি গভীর শোক ও উদ্বেগে নিমজ্জিত। রাষ্ট্রীয়ভাবে ঘোষিত এই শোক পালনের মধ্য দিয়ে দেশের মানুষ একসঙ্গে এই ট্র্যাজেডির শিকারদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।