জাতীয়
বৈশ্বিক পাসপোর্ট র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ৯৪তম স্থানে বাংলাদেশ
বৈশ্বিক পাসপোর্ট র্যাংকিংয়ে তিন ধাপ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। ২০২৫ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, বাংলাদেশ এখন রয়েছে ৯৪তম স্থানে, যেখানে গত বছর এই অবস্থান ছিল ৯৭তম। এই সূচকে ভিসামুক্ত ভ্রমণের সুযোগের ভিত্তিতে বিশ্বের পাসপোর্টগুলোর ক্ষমতা মূল্যায়ন করা হয়।
বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। যদিও এ সংখ্যা বিশ্বের অনেক দেশের তুলনায় কম, তবুও একধাপ এগিয়ে যাওয়াকে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।
মঙ্গলবার প্রকাশিত এই সূচকে শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর, যার পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।
তৃতীয় স্থানে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সাত দেশ— ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন।
চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন, আর পঞ্চম অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড, গ্রিস ও সুইজারল্যান্ড। যুক্তরাজ্য রয়েছে ষষ্ঠ স্থানে।
বিশ্বব্যাপী ভিসানীতির শিথিলতা, কূটনৈতিক সম্পর্ক ও আন্তর্জাতিক সহযোগিতার ফলে পাসপোর্টের র্যাংকিংয়ে পরিবর্তন আসে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের জন্য এটি একটি ইতিবাচক সংকেত, যদিও উন্নত পাসপোর্ট র্যাংকিং অর্জনে এখনও অনেক দূর এগোতে হবে।