জাতীয়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সব কমিটির কার্যক্রম স্থগিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ব্যতীত সারাদেশের সব শাখা কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সমন্বয়ক রিফাত রশিদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কেউ যদি কোনো ধরনের অপকর্মে জড়িত হয়, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”
রিফাত রশিদ আরও জানান, সংগঠনটি আগামী দিনে কীভাবে পরিচালিত হবে এবং নতুন কাঠামো কেমন হবে—সেসব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, সম্প্রতি সংগঠনটির কিছু নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে রিমান্ডে নেওয়ার ঘটনা সামনে আসার পরপরই এ ধরনের পদক্ষেপ নিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে সংগঠনের ভাবমূর্তি ও অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার প্রয়াস হিসেবে এই ঘোষণা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।