জাতীয়

রাষ্ট্র মেরামতে এবার ব্যর্থ হলে কয়েক দশকেও সুযোগ আসবে না: আইন উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৮:৫৩ পিএম

রাষ্ট্র মেরামতে এবার ব্যর্থ হলে কয়েক দশকেও সুযোগ আসবে না: আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

বর্তমান অন্তর্বর্তী সরকার যদি রাষ্ট্র মেরামতের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যতে এই সুযোগ আরও কয়েক দশকেও আসবে না— এমন আশঙ্কা জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (৩০ জুলাই) বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ-২০২৫ এর খসড়ার ওপর মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, বিচার বিভাগে রাজনৈতিক সরকারের খানিকটা প্রভাব থাকে, এটা অস্বাভাবিক কিছু নয়। অনেক সময় দেখা যায়– তত্ত্বাবধায়ক সরকার আইন করে, পরে রাজনৈতিক সরকার তা বাতিল করে দেয়। তাই আইন চূড়ান্তের পূর্বে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, নিম্ন আদালতগুলোতে সরকারি উকিল হয়েও অনেকে টাকা খেয়ে বিরোধীদের পক্ষে কাজ করেন। তবে সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ-২০২৫ এর মাধ্যমে তা দূর হবে বলে জানান আইন উপদেষ্টা।

আলোচনায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দেশে গত ১৫ বছরে বিচার ব্যবস্থা ধ্বংস করে দেয়া হয়েছে। যারা দায়িত্বে ছিলেন, তাদের অনেকেই সঠিকভাবে কাজ করেননি। সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ বাস্তবায়ন হলে আইনের সুশাসন প্রতিষ্ঠা পাবে বলে মত দেন তিনি।