জাতীয়

নির্বাচনের আগে এসপি ও ওসিদের পদায়ন হবে লটারির মাধ্যমে: স্বরাষ্ট্র উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৬:১৮ পিএম

নির্বাচনের আগে এসপি ও ওসিদের পদায়ন হবে লটারির মাধ্যমে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন সময়ের জন্য দেশের সব জেলা ও থানার শীর্ষ পুলিশ কর্মকর্তাদের (এসপি ও ওসি) পদায়ন এবার হবে ব্যতিক্রমী এক পদ্ধতিতে—লটারির মাধ্যমে। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৬ আগস্ট) বিকেলে সচিবালয়ে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত কর্মপরিকল্পনা প্রণয়নে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গত মঙ্গলবার প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণে নির্বাচন প্রস্তুতির কথা জানিয়ে দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আজকের সভায় নির্বাচনকালীন সময়ে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।”

তিনি বলেন, “ডিসি, এসপি, ইউএনও এবং ওসি—এই কর্মকর্তারা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অতীতে দেখা গেছে, প্রার্থীরা নিজেদের পছন্দের কর্মকর্তাদের পদায়নের জন্য চাপ সৃষ্টি করেন। কিন্তু এবার সে সুযোগ আর থাকবে না। পদায়ন হবে লটারির মাধ্যমে এবং তা হবে গণমাধ্যমের সামনে স্বচ্ছ প্রক্রিয়ায়।”

জাহাঙ্গীর আলম জানান, নির্বাচনের সিডিউল ঘোষণার কিছুদিন আগেই এই লটারি কার্যক্রম সম্পন্ন করা হবে। কারণ সিডিউল ঘোষণার পর বদলির বিষয়টি নির্বাচন কমিশনের আওতায় পড়ে যাবে। যদি কমিশন প্রয়োজন মনে করে, তাহলে তারা চাইলে পরবর্তীতে পরিবর্তন আনতে পারবেন।

এ সময় তিনি আশা প্রকাশ করেন, ডিসিদের পদায়নের ক্ষেত্রেও জনপ্রশাসন মন্ত্রণালয় একই পদ্ধতি অনুসরণ করবে। “আশা করি, তারাও লটারি করবেন,” বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এই উদ্যোগকে নির্বাচনী পরিবেশে সমতা বজায় রাখা এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার একটি সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।