জাতীয়

আসিফ মাহমুদের অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের হট্টগোল, অনুষ্ঠান বর্জন বিএনপির


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১২:০৬ পিএম

আসিফ মাহমুদের অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের হট্টগোল, অনুষ্ঠান বর্জন বিএনপির
ছবি: সংগৃহীত

নাটোরের সদর উপজেলার কানাইখালিতে মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানের আগে ও পরে ঘটে উত্তেজনার ঘটনা। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বসার স্থান না পেয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উপস্থিতিতেই হট্টগোলে জড়িয়েছেন জুলাই যোদ্ধারা। পাশাপাশি, পুলিশের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে ক্রীড়া উপদেষ্টার অনুষ্ঠান বর্জন করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। 

আজ শনিবার দুপুর ১২টার দিকে মিনি স্টেডিয়াম উদ্বোধন শেষে শুরু হওয়া আলোচনা সভায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুূঁইয়া উপস্থিত ছিলেন। একই সঙ্গে ‘জুলাই যোদ্ধারা’ আলোচনা সভায় যোগ দিলেও তাদের জন্য নির্ধারিত আসন না থাকার কারণে তাঁরা দাঁড়িয়ে থাকতে বাধ্য হন। কিছুক্ষণ পর তাদের মধ্যে ক্ষোভ দেখা দিলে হট্টগোল তৈরি হয়। প্রশাসনের উদ্যোগে দ্রুত তাদের বসার ব্যবস্থা করা হলে পরিস্থিতি শান্ত হয়।
জুলাই যোদ্ধা রাহী ক্ষোভ প্রকাশ করে বলেন, যাদের রক্তের বিনিময়ে দেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে, তাদের আমন্ত্রণ জানানো হলেও বসার কোনো স্থান রাখা হয়নি। আমাদের জন্য নির্ধারিত জায়গা না থাকা সত্যিই অত্যন্ত দুঃখজনক।

অন্যদিকে শহরের বড় হরিশপুরে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ বলেন, জেলা প্রশাসনের আমন্ত্রণ সত্ত্বেও ডিবি পুলিশ তাদের মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে প্রবেশে বাধা দেয়। এতে তারা অনুষ্ঠান বর্জন করেন।

ডিবি পুলিশের ওসি হাসিবুল্লাহ হাসিব জানান, বিএনপি নেতাদের প্রবেশে বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। নিরাপত্তার স্বার্থে নেতাকর্মীদের একসঙ্গে প্রবেশ না করার অনুরোধ জানানো হয়েছিল।