জাতীয়

সমাধান ছাড়াই প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে উপদেষ্টাদের বৈঠক শেষ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৯:৫৩ পিএম

সমাধান ছাড়াই প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে উপদেষ্টাদের বৈঠক শেষ
ছবি: সংগৃহীত

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর রেলভবনে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় এক ঘণ্টা ধরে চলা বৈঠকে কোনো চূড়ান্ত সমাধান আসতে পারেনি।

আগামীকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের পাশাপাশি বৈঠক হবে অংশীজন শিক্ষক এবং অন্যান্য প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফাওজুল কবির জানান, সমস্যা সমাধানে গঠিত সাত সদস্যের কমিটির মধ্যে বৈঠকে পাঁচজন উপস্থিত ছিলেন না। তিনি বলেন, “উদ্ভূত পরিস্থিতি সমাধানে শিক্ষার্থীদের পাশাপাশি আগামীকাল অংশীজন শিক্ষক এবং অন্যান্য প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক হবে।” এছাড়া শিক্ষার্থীদের যমুনা অভিমুখে যাত্রাকে অনভিপ্রেত মন্তব্য হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত।”

বৈঠকে উপস্থিত শিক্ষার্থীদের প্রতিনিধি জানান, সার্বিক বিষয়গুলো আন্দোলনরত সহপাঠীদের সঙ্গে নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

প্রকৌশল শিক্ষার্থীদের ৫ দফা দাবি হলো:

১. প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে শিক্ষার্থীদের সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে।
২. বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিসহ প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেকহোল্ডারদের অন্তর্ভুক্ত করে কমিটি অবিলম্বে সংস্কার করতে হবে।
৩. সংস্কারকৃত কমিটি শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ তিন দফা দাবিকে মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করবে এবং এই নিশ্চয়তা দিতে হবে সংশ্লিষ্ট তিন উপদেষ্টাকে: মুহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান ও সৈয়দা রিজওয়ানা হাসান।
৪. হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয়ভার সরকার বহন করবে এবং আন্দোলন চলাকালীন সকল শিক্ষার্থীর সুরক্ষা নিশ্চিত করা হবে; পুলিশ আর যৌক্তিক আন্দোলনে হামলা করতে পারবে না।
৫. শিক্ষার্থী রোকনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে এবং চাকরি থেকে বহিষ্কার করতে হবে; এছাড়া এই ঘটনায় দায়ী ডিসি মাসুদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।

এই বৈঠকের কোনো সমাধান না আসায় আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা তাদের দাবির জন্য আগামীকালও সক্রিয় থাকবেন।