জাতীয়

কাতার ও ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন ঘোষণা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮ এএম

কাতার ও ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন ঘোষণা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

কাতারের দোহায় অনুষ্ঠিত জরুরি আরব-ইসলামিক সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশ আবারও কাতার ও ফিলিস্তিনের প্রতি তাদের অবিচল সমর্থনের ঘোষণা দিয়েছে। সোমবার অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “কাতারের সার্বভৌম ভূখণ্ডে বিনা প্ররোচনায় ও অযৌক্তিক ইসরায়েলি হামলা কেবল কাতারের ওপর আক্রমণ নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর মর্যাদার অবমাননা।”

বাংলাদেশ স্পষ্টভাবে জানায়, ইসরায়েলের এ ধরনের আগ্রাসন ঠেকাতে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর সদস্য রাষ্ট্রগুলোকে সমন্বিত কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নিতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক মানবিক আইন এবং জাতিসংঘের অসংখ্য প্রস্তাব উপেক্ষা করে ইসরায়েল একের পর এক বেপরোয়া অভিযান চালাচ্ছে। এ ধরনের নগ্ন আগ্রাসনের জন্য অবশ্যই ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে হবে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এ সময় ওআইসির মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা এবং আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত মুসলিম উম্মাহর সম্মিলিত শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

জরুরি বৈঠকে ২৪টি রাষ্ট্র ও সরকার প্রধান সরাসরি অংশ নেন। অন্য দেশগুলো প্রতিনিধিত্ব করে তাদের পররাষ্ট্রমন্ত্রী বা উচ্চপদস্থ কর্মকর্তাদের পাঠায়। সম্মেলনে বিশ্বনেতারা গত ৯ সেপ্টেম্বর কাতারে সংঘটিত ইসরায়েলি আক্রমণের তীব্র নিন্দা জানান এবং মুসলিম দেশগুলোর সার্বভৌমত্ব, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় সর্বাত্মক সমর্থনের আশ্বাস দেন।

তারা গাজার দখলদারিত্ব অবিলম্বে বন্ধ, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে দ্বি-রাষ্ট্র সূত্রে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি ফিলিস্তিনে চলমান মানবিক সংকট নিরসনে অবিলম্বে খাদ্য ও মানবিক সহায়তা সরবরাহে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। নেতারা দ্ব্যর্থহীনভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক বিচার আদালতের হস্তক্ষেপ দাবি করেন, যাতে মুসলিম রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন ও ফিলিস্তিনে গণহত্যার জন্য ইসরায়েলি নেতাদের জবাবদিহির আওতায় আনা যায়।

বাংলাদেশ প্রতিনিধি দলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফরহাদুল ইসলাম, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম জে এইচ জাবেদ এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান।