জাতীয়
একনেকে ৮৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮ হাজার ৩৩৩ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে মোট ১৩টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত ১৩ প্রকল্পের ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন থাকবে ৪ হাজার ৪৩৭ কোটি ৮২ লাখ টাকা, প্রকল্প ঋণ হিসেবে আসবে ১ হাজার ২২৫ কোটি ৩৬ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে যোগ হবে ২ হাজার ৬৭০ কোটি ৯ লাখ টাকা।
পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত প্রকল্পগুলো দেশের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ ও জনসেবা খাতের মানোন্নয়নে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে ১৪তম একনেক সভা।