জাতীয়

টঙ্গীতে বিস্ফোরণ: আরও এক ফায়ার ফাইটার নুরুল হুদার মৃত্যু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম

টঙ্গীতে বিস্ফোরণ: আরও এক ফায়ার ফাইটার নুরুল হুদার মৃত্যু
ফায়ার ফাইটার নুরুল হুদা। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, গত সোমবার টঙ্গীর ওই কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের পর চারজনকে জরুরি বিভাগে আনা হয়েছিল। তাদের মধ্যে নুরুল হুদা ১০০ শতাংশ দগ্ধ ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে মঙ্গলবার একই ঘটনায় গুরুতর দগ্ধ আরেক ফায়ার ফাইটার শামীম আহমেদ মারা যান। তার শরীরও ১০০ শতাংশ দগ্ধ ছিল। বর্তমানে আরও দুজন ফায়ার ফাইটার চিকিৎসাধীন রয়েছেন, যাদের একজনের ৪২ শতাংশ এবং অপরজনের পাঁচ শতাংশ দগ্ধ হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা জসিম জানান, ২২ সেপ্টেম্বরের ওই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত দুই ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে। আরও দুজন এখনও চিকিৎসাধীন।

ফায়ার ফাইটার নুরুল হুদা ছিলেন ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার বাসিন্দা। তিনি স্থানীয় আব্দুল মনসুরের ছেলে। ২০০৭ সালের মার্চ মাসে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন।

টঙ্গীর এ দুর্ঘটনা আবারও কেমিক্যাল গুদামগুলোর নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।