সারাদেশ

মেঘনায় অভিযান, ৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:২০ পিএম

মেঘনায় অভিযান, ৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
ছবি: সংগৃহীত

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৮ হাজার ৩২৫ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ। জব্দ করা এসব জালের মধ্যে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা প্রায় ৮ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া অভিযানে উদ্ধার করা ১০ কেজি ইলিশ মাছ দরিদ্র মানুষ ও স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে বুধবার (১৪ অক্টোবর) সকাল পৌনে ৮টা পর্যন্ত চাঁদপুর নৌ পুলিশ অঞ্চলের আওতাধীন আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা চাঁদপুর সদর এলাকার মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করেন।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকারের অভিযোগে জেলেদের কাছ থেকে ৩২৫ মিটার জাল জব্দ করা হয়। এ ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০১৩)-এর ৫(১)/৫(২)(খ) ধারায় পৃথক পাঁচটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে, অভিযান চলাকালে মেঘনা নদীতে মালিকবিহীন অবস্থায় পেতে রাখা আরও প্রায় ৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশনায় জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযানের সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে চার অপ্রাপ্তবয়স্ক কিশোরকে আটক করে নৌ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

নৌ পুলিশ জানায়, মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং অবৈধভাবে মাছ ধরা বন্ধে নদীতে নজরদারি জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা এবং অবৈধ কারেন্ট জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।