জাতীয়
‘লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে বিএনপিই করত’: চিফ হুইপ
লংমার্চ করে যদি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হতো, তাহলে সবার আগে বিএনপি লংমার্চ করত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বরগুনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সাত দিনের সরকারি সফরে বর্তমানে বরগুনায় অবস্থান করছেন চিফ হুইপ। সফরের অংশ হিসেবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সরকারের বিভিন্ন পরিকল্পনা, দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং তরুণসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের বিষয়ে কথা বলেন।
নুরুল ইসলাম মনি বলেন, দেশের মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত করা এবং তাদের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে তরুণসমাজকে কর্মক্ষম করে তুলতে কারিগরি শিক্ষার প্রসারে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
সাবেক ও বর্তমান সরকারপ্রধানের জীবনযাপনের তুলনামূলক চিত্র তুলে ধরে চিফ হুইপ বলেন, বিগত সরকারপ্রধানের বিলাসবহুল জীবনযাপনের বিপরীতে বর্তমান সরকারপ্রধান তারেক রহমানের সাধারণ ও হিসেবি জীবনযাপন দেশের মানুষের ভাগ্যোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে বলে তিনি মনে করেন।
এ প্রসঙ্গে তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু খাবারের পেছনেই বছরে ৩৫ কোটি টাকা ব্যয় করতেন। অন্যদিকে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিবারের খাবারের খরচ মাত্র ১৫০ টাকা বলে উল্লেখ করেন তিনি।
মতবিনিময় সভায় বরগুনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।