জাতীয়
৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ করেছে পিএসসি
৪৪তম বিসিএসের সম্পূরক ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে পিএসসির সরকারি ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা সংশোধিত বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুযায়ী এই সম্পূরক ফলাফল প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষার পূর্বে বা পরবর্তীতে অন্য কোনো বিসিএসের মাধ্যমে ইতোমধ্যে ক্যাডার পদে নিয়োগপ্রাপ্ত ৩০৩ জন প্রার্থী লিখিতভাবে ঘোষণা দিয়েছেন যে তারা পূর্ববর্তী বা নিম্নতর ক্যাডারে যোগদান করবেন না। ফলে তাদের মধ্যে ২৬০ জন প্রার্থীর নিয়োগ সুপারিশ করা হয়নি।
এদিকে ৪৩ জন প্রার্থীকে তাদের বর্তমান পদ থেকে পছন্দক্রম অনুযায়ী উচ্চতর ক্যাডারে সাময়িক মনোনয়ন দেওয়া হয়েছে। পাশাপাশি উদ্ভূত শূন্যপদ পূরণের লক্ষ্যে ২৫৭ জন নতুন প্রার্থীকে মেধাক্রম অনুসারে মনোনয়ন প্রদান করা হয়েছে।
পিএসসির সিদ্ধান্ত অনুযায়ী, এই প্রক্রিয়ায় ১১৩ জন প্রার্থীর পূর্বের মনোনয়ন পরিবর্তন করে তাদের পছন্দক্রম অনুযায়ী উপরের পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
এছাড়া বিএড/এমএড সনদ না থাকায় ৫ জন প্রার্থীর (রেজিস্ট্রেশন নম্বর—১১১৪৫০৯৫, ১১০৬৪৮০৬, ১১০৮৮০৯৮, ১১০৭৫৭৩৮ ও ১৩০০৫৮৬৯) টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক পদে পূর্বে দেওয়া মনোনয়ন বাতিল করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশোধিত বিধি ১৭(৩)-এর ক্ষমতাবলে প্রস্তুতকৃত এই সম্পূরক ফলাফলে মেধাক্রম ও কোটা অনুসারে মোট ১,৭১০টি শূন্য পদের বিপরীতে ১,৬৮১ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে সাময়িকভাবে (Provisionally) নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
ফলাফল দেখতে পিএসসির ওয়েবসাইটে প্রবেশ করতে বলা হয়েছে: www.bpsc.gov.bd