জাতীয়
অক্টোবরেই সড়ক দুর্ঘটনায় ঝরেছে ৪৬৯ প্রাণ
অক্টোবর মাসে দেশে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৩২টি দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫২৮ জন এবং আহত হয়েছেন ১,৩১০ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়কপথে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। অক্টোবর মাসে ৪৬৯টি সড়ক দুর্ঘটনায় ৪৬৯ জন নিহত এবং ১,২৮০ জন আহত হয়েছেন। রেলপথে একই সময়ে ৫২টি দুর্ঘটনায় ৪৭ জন মারা যান এবং ৩০ জন আহত হন। নৌপথে ১১টি দুর্ঘটনায় ১২ জন নিহত এবং একজন নিখোঁজ রয়েছেন।
সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, এই প্রতিবেদন দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত দুর্ঘটনার খবরের ভিত্তিতে তৈরি করা হয়েছে। অক্টোবর মাসে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যাও উদ্বেগজনক। মোট ১৭০টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত এবং ১৩৭ জন আহত হয়েছেন। এটি মোট দুর্ঘটনার প্রায় ৩৬ শতাংশ। নিহতের ৩৭.৫২ শতাংশ এবং আহতের ১০.৭০ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটেছে।
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন ৪ জন পুলিশ সদস্য, ১ জন র্যাব সদস্য, ১ জন বিজিবি সদস্য, ১ জন আইনজীবী, ৩ জন প্রকৌশলী, ১৩৩ জন চালক, ৯৯ জন পথচারী, ৫৮ জন নারী, ৩৫ জন শিশু, ৩৫ জন শিক্ষার্থী, ১৪ জন পরিবহন শ্রমিক, ১৩ জন শিক্ষক ও ১৪ জন রাজনৈতিক নেতাকর্মী। মোট ৭৭২টি দুর্ঘটনাগ্রস্ত যানবাহনের মধ্যে মোটরসাইকেল ২৫.৯০ শতাংশ, ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান ও লরি ২১.২৪ শতাংশ, বাস ১৬.০৬ শতাংশ, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক ১২.৮০ শতাংশ, সিএনজিচালিত অটোরিকশা ৪.২৭ শতাংশ, নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা ৮.৪১ শতাংশ এবং কার-জিপ-মাইক্রোবাস ৪.৭৯ শতাংশ।
অঞ্চলভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এখানে ১২৬টি দুর্ঘটনায় ১৩০ জন নিহত এবং ৩৪৩ জন আহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে ময়মনসিংহ বিভাগে, যেখানে ২০টি দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছেন।