জাতীয়

শেখ হাসিনার ফাঁসির রায়ের কপি পাঠানো হবে ২ মন্ত্রণালয়ে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১২:০৭ পিএম

শেখ হাসিনার ফাঁসির রায়ের কপি পাঠানো হবে ২ মন্ত্রণালয়ে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রায়ের কপি পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।

এছাড়া কেন্দ্রীয় কারাগারেও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের কাছে রায়ের কপি পাঠানো হবে।

এর আগে সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আদালত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-কে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে রাজসাক্ষী হওয়ায় পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়।

রায়ে ট্রাইব্যুনাল উল্লেখ করেছে যে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ তিন আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড, আর আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করা হয়।

বিচার প্রক্রিয়া শুরু হয় গত বছরের ১৭ অক্টোবর, যেদিন ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করা হয়। মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

প্রসিকিউশন তাদের বিরুদ্ধে পাঁচটি মানবতাবিরোধী অভিযোগ আনে, যার মধ্যে রয়েছে উসকানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাঈদ হত্যা, চানখারপুলে হত্যা এবং আশুলিয়ায় লাশ পোড়ানো। সাক্ষ্যগ্রহণে মোট ৮৪ জন সাক্ষীর মধ্যে ৫৪ জনের বক্তব্য গ্রহণ করা হয়।

প্রসিকিউশন ও ডিফেন্সের যুক্তিতর্ক শেষ হওয়ার পর রায়ের জন্য ১৭ নভেম্বর দিন ঠিক করা হয়, যা সোমবার ঘোষণা করা হয়।