জাতীয়
আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে
সরকারি সফরে আজ শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে শেরিং টোবগে ২২–২৪ নভেম্বর বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করবেন। তার সঙ্গে ১৩ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল থাকছে, যেখানে ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী এবং শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রীরাও অন্তর্ভুক্ত।
সকালেই বিমানবন্দরে গার্ড অব অনার গ্রহণ শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। দুপুরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত রয়েছে।
এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে শেরিং টোবগের একান্ত বৈঠক এবং দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পর্যটনসহ বিস্তৃত ক্ষেত্রের সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
বৈঠক শেষে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহ, ভুটানে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং কৃষি সহযোগিতা বিষয়ে তিনটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়গুলো এখনো আলোচনাধীন।
বাংলাদেশের পক্ষ থেকে স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, কৃষি, অর্থনৈতিক উন্নয়ন, পানি ব্যবস্থাপনা ও বিভিন্ন সেক্টরে সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব উপস্থাপন করা হতে পারে। পাশাপাশি ভুটানে বাংলাদেশি পেশাদারদের নিয়োগে সহযোগিতা চাওয়া হতে পারে।
শনিবার রাতে ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন। পরদিন তিনি রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া বাংলাদেশ সরকারের কয়েকজন উপদেষ্টা এবং ব্যবসায়ী প্রতিনিধিরাও তার সঙ্গে বৈঠক করতে পারেন।
পররাষ্ট্রসচিব জানান, ২০২০ সালে ভুটানের সঙ্গে বাংলাদেশের প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র দিন দিন সম্প্রসারিত হচ্ছে, আর এই সফর সম্পর্ক আরও গভীর করার সুযোগ সৃষ্টি করবে।
২৪ নভেম্বর সকালে ভুটানের প্রধানমন্ত্রী থিম্পুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।