জাতীয়
ব্যাংকের ৩১৮৫ কোটি টাকা আত্মসাৎ, এস আলম গ্রুপের বিরুদ্ধে দুদকের ২ মামলা
জনতা ব্যাংক থেকে ঋণের মাধ্যমে প্রায় ৩১৮৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের বিরুদ্ধে দুদক দুটি মামলা করেছে। বুধবার (১৭ ডিসেম্বর) চট্টগ্রাম-১ কার্যালয়ে মামলাগুলো দায়েরের বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপ-পরিচালক সুবেল আহমেদ।
মামলাগুলোর মধ্যে একটি দায়ের করা হয়েছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে। এতে ২ হাজার ৩২ কোটি ৩০ লাখ ৪৫ হাজার ৯১৮ টাকা ৪০ পয়সা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মামলায় কোম্পানির কর্ণধার সাইফুল আলম মাসুদকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আসামি করা হয়েছে।
এছাড়া পরিচালক আব্দুল্লাহ হাসান, সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল আলমসহ গ্রুপের অন্যান্য পরিচালক এবং জনতা ব্যাংকের কর্মকর্তারাও আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, ২০০৯ সালের ২৫ আগস্ট থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত ঋণ নিয়ে সুদে-আসলে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে।
অপর মামলা করা হয়েছে এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের নামে। এতে এক হাজার ১৫২ কোটি ৫১ লাখ ১৪ হাজার ১০৭ টাকা ৫২ পয়সা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মামলায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিসকাত আহমেদ, পরিচালক শাহানা ফেরদৌস এবং জনতা ব্যাংকের দুই কর্মকর্তাসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে।
উভয় মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে। দুদকের মামলাগুলো অনুসন্ধান শুরু করেছে এবং আইন অনুযায়ী দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।