জাতীয়
হাদির মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জাতিসংঘের
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বাংলাদেশ সরকারকে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
জেনেভা থেকে পাঠানো এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক বলেন, হাদির হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং ঘটনার সঙ্গে জড়িতদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
বিবৃতিতে ফলকার তুর্ক উল্লেখ করেন, গত বছর বাংলাদেশে ছাত্র-জনতার গণআন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন শরিফ ওসমান বিন হাদি। গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এই ঘটনার প্রেক্ষাপটে সবাইকে শান্ত থাকার এবং সহিংসতা পরিহারের আহ্বান জানিয়ে মানবাধিকার কমিশনার বলেন, প্রতিশোধমূলক কর্মকাণ্ড পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং মানুষের অধিকার ক্ষুণ্ন করবে।
একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারকে হাদির মৃত্যুর ঘটনা তদন্তে নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
বিবৃতিতে আরও বলা হয়, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের আগে জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় জুমার নামাজের পর মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে ঢাকায় চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মারা যান।